বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয়, তাহলে এর ফলাফল মেনে নিতে বিএনপির কোনো আপত্তি নেই।
তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে কেন ফলাফল মেনে নেবো না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে—নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।”
তিনি বলেন, বর্তমানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা দেখা যাচ্ছে, সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এ দেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা বাড়ে, তাহলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।”
সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনার কারণে সংশ্লিষ্টদের বিষয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এ ধরনের ঘটনা ভালো নয় এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “ফল গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল জানতে চায়। আমরা আশা করি নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশ করবে।”
তিনি আরও বলেন, ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে এবং সেই সময়ের মধ্যেই জনগণ ফলাফল জানতে পারবে বলে তিনি আশাবাদী।
ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।


















