ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
গুলশানের এই কেন্দ্রে তিনিই ছিলেন প্রথম ভোটার। এর আগে ২০০১ সালের নির্বাচনে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বগুড়া-৬ আসনেও তিনি প্রার্থী হয়েছেন। ভোটকেন্দ্রে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ দলীয় নেতাকর্মীরা।


















