জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, দেশের মিডিয়া বিএনপির দখলে চলে গেছে এবং সাংবাদিকরা বাধ্য হয়ে একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছেন। ভোটের দিনে এ ধরনের ‘তথ্যসন্ত্রাস’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল বুধবার(১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুতের তথ্য রয়েছে, সেখানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীর অভিযান চালানোর আহ্বান জানান তিনি।
এনসিপির এই মুখপাত্র বলেন, সারা দেশে বিভিন্ন দলের নেতাকর্মীদের কাছ থেকে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, মাত্র ২০ হাজার টাকা বহনের কারণে জামায়াতের এক নেতাকে আটক করে হেনস্তা করা হয়েছে এবং তার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “একটি সংবাদে দেখলাম, একজন নেতার বাসা থেকে সাত লাখ টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমার বাসায়ও ল্যাপটপ আছে—তাহলে কি ল্যাপটপ বাসায় রাখাটাও এখন অপরাধ?”
নির্বাচন সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের আচরণে নিরপেক্ষতার ঘাটতি দেখা যাচ্ছে। একইসঙ্গে মিডিয়ার মধ্যেও এক ধরনের একপক্ষীয় ও আক্রমণাত্মক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
বিভিন্ন আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে, কেন্দ্রে যেতে বাধা দেওয়া ও নিষেধাজ্ঞার মতো কর্মকাণ্ড চলছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।


















