নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামের
বাগেরহাট-০৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে হকিস্টিক সংগ্রহ করছে এবং জাল ব্যালট ও ভুয়া সিল ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, যারা ভোট নিয়ে দুর্নীতি, চুরি বা জালিয়াতিতে লিপ্ত হবে, তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই অর্জন কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, কেন্দ্রের বাইরে শক্ত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে, যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কোনো অনিয়মে জড়ানোর সুযোগ না পান। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বাইরে বের হতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। কেউ যেন ভুয়া ব্যালট বা সিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, যুবদল নেতা বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদার এবং পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।


















