বাংলাদেশ জামায়াতে ইসলামকে ‘মুনাফেকের দল’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যতদিন তিনি বেঁচে আছেন, ততদিন জামায়াতকে কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না। তার ভাষায়, “এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মিন্টু। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানুষের পেছনে খোঁচাখুঁচি করার রাজনীতি করে। তারা এ দেশের কোনো উন্নয়ন করবে না, বরং সুযোগ পেলে বাংলাদেশকে সিরিয়া-লেবাননের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবে।
জামায়াত জনগণের কল্যাণ চায় না দাবি করে তিনি বলেন, “তারা উন্নয়ন নয়, মারামারি চায়। তারা মুনাফেকি করে, মিথ্যা কথা বলে, সুযোগ সন্ধানী রাজনীতি করে। আজ কাউকে বাদ দিলে কাল নিজেরাই হয়ে যাবে—এটাই শয়তানের চিন্তা।”
তিনি আরও বলেন, দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে জামায়াতকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই—কোনো দিন কোনো কালে যেন জামায়াতে ইসলামীর কেউ একটি মেম্বারও না হতে পারে।
নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে মিন্টু বলেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকারপ্রধান হন, তাহলে আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন, ১২ তারিখে যেন ধানের শীষে একটি ভোট দেন। তাহলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো, আর সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।”
ফেনী-৩ আসনের সোনাগাজী ও দাগনভূঞার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মিন্টু বলেন, নদীভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন—সব ক্ষেত্রে আপনাদের সঙ্গে নিয়েই কাজ করব। উন্নয়নের প্রশ্নে কোনো বৈষম্য থাকবে না।
পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


















