বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন,“ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর কাজ করেছি।”
তিনি বলেন, আজকের এই আয়োজনের তাৎপর্য দুটি একদিকে মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি।
“১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। একইসঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি,”—বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্য বজায় রাখতে পারলে দলীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।
“ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো,”—বলেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন,“একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
তিনি আরও বলেন,“আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে।”


















