ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের দাবি, ইরানের সরাসরি হামলায় জাহাজটিতে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়। এতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের নোঙর এলাকায় অবস্থানরত কুয়েতি ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলার শিকার হয়। হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল। কাঠামোগত ক্ষতির পাশাপাশি আগুন ধরে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুবাই কর্তৃপক্ষ জানায়, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিক সবাই নিরাপদ রয়েছেন। সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিন তেলবাহী জাহাজে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায়, তবে সবাই নিরাপদ ছিলেন।
একই দিনে সৌদি আরবেও উত্তেজনা দেখা দেয়। দেশটিতে ১০টির বেশি ড্রোন এবং ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা এবং মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতানকে লক্ষ্য করে। রিয়াদ এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও পাওয়া গেছে।
এই হামলার ঘটনা বিশেষ উদ্বেগের কারণ, কারণ পুরোপুরি তেলে ভর্তি ট্যাংকারে আগুন ধরে যাওয়ায় পরিবেশ ও জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হয়েছে।


















