ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক ভয়ের চিহ্ন হয়ে উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) হাজার হাজার কালো কাক শহরের আকাশে এমনভাবে ঘুরতে শুরু করে যে, মনে হচ্ছিল পুরো শহর এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে।
বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন কাকের দল চক্রাকারে উড়ছিল, তখন স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিও বিশ্বজুড়ে কৌতূহল ও ভয়ের সৃষ্টি করেছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছানোর সময়ে এই অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই ‘অশুভ লক্ষণ’ বা ‘প্রলয়ের সংকেত’ হিসেবে দেখছেন। এক্স (সাবেক টুইটার)-এ এক ব্যবহারকারী লিখেছেন, ইতিহাস বলে বড় বিপর্যয়ের আগে প্রকৃতি এভাবে সংকেত দেয়।
ধর্মীয় ব্যাখ্যা অনুসারে, বাইবেলের ‘বুক অফ রেভেলেশন’-এর ১৯:১৭ নম্বর আয়াতের সঙ্গে এই ঘটনা তুলনা করছেন অনেকে। প্রাচীন রোমানরা পাখির আচরণ পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ নির্ধারণ করত; একই রকম ভয় এখনো মানুষের মনে বিদ্যমান।
পাখিদের অস্বাভাবিক আচরণ ও এর প্রভাব নতুন নয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে, প্রাচীন সভ্যতাগুলো পাখির ওড়াউড়ি ও ডাককে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে গ্রহণ করত।


















