ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা বিশ্লেষক স্কট রিটার–এর বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে যে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটার ব্যবহার করেন কি না—তা এখনো নিশ্চিত নয়।
তাসনিমের প্রতিবেদনে হামলার কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য উপস্থাপন করা হয়নি। বরং নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি এবং ইসরায়েলি গণমাধ্যমে তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদারের খবরের উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সর্বশেষ বিবৃতি ৭ মার্চ প্রকাশ করা হয়েছিল, যেখানে নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের খবর প্রকাশ করেছিল। তবে পরে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার তথ্যটি ‘নিছকই গুজব’।


















