ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর রাশিয়া ও চীন তা তীব্রভাবে সমালোচনা করেছে। মস্কো জানিয়েছে, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বেইজিংও অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সারকে ফোনে বলেন, যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনা ও নিরাপত্তা সংক্রান্ত অগ্রগতি চলাকালীন এই হামলা সেই প্রক্রিয়াকে ব্যাহত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।’
ওয়াং ই আরও বলেন, সংঘাতের বিস্তার এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এড়াতে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগ সমস্যা সমাধানে সহায়ক নয়, বরং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। এছাড়াও চীন ইরানে তার নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক পরিণতি হতে পারে—ইরানে এমন শক্তির উত্থান, যারা পারমাণবিক বোমা অর্জনের পক্ষে অবস্থান নেবে। তিনি সতর্ক করেন, অন্য আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নামতে পারে, যা বৈশ্বিক পারমাণবিক বিস্তারের নিয়ন্ত্রণ হারাতে পারে।
লাভরভ উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ‘মহৎ লক্ষ্য’ নিয়ে যুদ্ধ শুরু করা উল্টো প্রবণতাকেই উৎসাহিত করতে পারে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে রাশিয়ার প্রস্তুতির কথা জানান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পিত ও উসকানিমূলক হামলা চালিয়েছে। মস্কো সতর্ক করেছে, এই অভিযান অঞ্চলে মানবিক, অর্থনৈতিক এবং বিকিরণজনিত বিপর্যয় ডেকে আনতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধেও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ রয়েছে; ইউক্রেনে তাদের পূর্ণমাত্রার সামরিক অভিযান এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে।


















