মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় এখন পর্যন্ত ৫৬০ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানায়, গত কয়েক দিনে সিরিজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এসব হামলায় মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে মার্কিন United States Central Command (সেন্টকম) এ পর্যন্ত মাত্র তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা বিশ্ববাসীর কাছ থেকে গোপন করার চেষ্টা করছে।
ইরান আরও দাবি করেছে, তাদের হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে মার্কিন ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে ইরাক, সিরিয়া ও বাহরাইনে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলার তীব্রতা বেশি ছিল বলে উল্লেখ করা হয়েছে।
পাল্টাপাল্টি দাবির মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি এই সংখ্যক হতাহতের ঘটনা সত্য হয়, তবে তা কয়েক দশকের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি হতে পারে।


















