কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার গভীর রাতে সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে।
সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরির সহায়তায় উড়াল দেওয়া তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল কুয়েতের আকাশে স্পষ্টতই “ফ্রেন্ডলি ফায়ার”-এর শিকার হয়ে ভূপাতিত হয়।’
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ওই সময় এলাকায় তীব্র যুদ্ধাবস্থা চলছিল। ইরানের পক্ষ থেকে বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত ছিল। সেই পরিস্থিতিতেই ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছোড়া হলে মার্কিন বিমানগুলো ভূপাতিত হয়। তবে বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যই প্যারাশুটের মাধ্যমে বের হয়ে নিরাপদে আছেন বলে জানিয়েছে সেন্টকম।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত ঘটনাটি স্বীকার করেছে এবং চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহায়তার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা জানিয়েছে।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সব আরোহী জীবিত আছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


















