সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত রাস তানুরা তেল শোধনাগারে ইরানের শাহেদ–১৩৬ ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সাময়িকভাবে রিফাইনারিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে আগুন লাগলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাস তানুরা তেল শোধনাগার সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পাঠানো হয়।
রিফাইনারিটিতে শোধন ইউনিট, বড় সংরক্ষণ ট্যাংক এবং পাইপলাইনের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থাপনাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশ্লেষকদের মতে, রাস তানুরার মতো বড় স্থাপনায় কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।


















