ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান এবার কঠোর প্রতিশোধমূলক অভিযান চালাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী ইহুদিবাদী ভূখণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংক্রান্ত প্রায় সব স্থাপনায় আঘাত হেনেছে। নতুন করে ইরান সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, সাইপ্রাসে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, “আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি।” হিলি আরও উল্লেখ করেন, হামলার ধরন থেকে বোঝা যাচ্ছে যে এটি কতটা বিবেচনাহীন সিদ্ধান্ত ছিল। হামলার সময় বাহরাইনে প্রায় ৩০০ ব্রিটিশ সৈন্য মোতায়েন ছিলেন।
প্রসঙ্গত, সাইপ্রাস ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ার দেশ হলেও রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) সদস্য। এটি ২০০৪ সালের ১ মে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করে এবং ২০০৮ সালের ১ জানুয়ারি ইউরো মুদ্রা গ্রহণ করে ইউরোজোনের অংশ হয়েছে।
ইরানের এই আক্রমণের পেছনে সাইপ্রাসের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেখানে ইসরাইলের বিপুল বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ সম্পদ অবস্থানকে উল্লেখ করা হচ্ছে। সাইপ্রাসকে ইসরাইলের ‘গুদামঘর’ বলেও অভিহিত করা হয়। গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের সময়ও ইরান সাইপ্রাসে হামলা চালিয়েছিল।
সূত্র: দ্য এক্সপ্রেস


















