ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর দেশটিতে গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলিরেজা আরাফি। বিষয়টি ঘোষণা করেছেন এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি।
সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞকে নিয়ে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।
এই পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই-এর সঙ্গে দায়িত্ব পালন করবেন আলিরেজা আরাফি।
এদিকে খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর পর ইরানের পক্ষে কে সিদ্ধান্ত নিচ্ছেন তা তিনি জানেন, তবে তা প্রকাশ করবেন না।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব দেওয়ার মতো কয়েকজন ভালো প্রার্থী আছেন।
তবে শেষ পর্যন্ত কে খামেনির স্থলাভিষিক্ত হবেন তা সময়ই বলে দেবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর ওপর।


















