ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর বাসভবন ও সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তিনি ও তাঁর পরিবারের আরও চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রোববার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাতাও রয়েছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও জানিয়েছেন, এই অভিযানে খামেনি নিহত হয়েছেন।
হামলা কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট বার্তা না দিয়ে ট্রাম্প বলেন, চাইলে এই অভিযান দীর্ঘ সময় চালিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। আবার দুই থেকে তিন দিনের মধ্যেও এটি শেষ করা যেতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করে, তাহলে ভবিষ্যতে আবারও হামলা চালানো হতে পারে।
মধ্যপ্রাচ্যে গত কয়েক দিন ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
সূত্র: আল জাজিরা।


















