ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে ঘিরে তীব্র তথ্যযুদ্ধ শুরু হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।
রুশ বার্তা সংস্থা TASS জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের United States Central Command–এর একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তেহরান দাবি করেছে। ইরান এই হামলাকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–কে দেওয়া সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র এসব দাবি নাকচ করে বলেন, ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার তথ্য সঠিক নয়। এমনকি কোনো মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়।
সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


















