সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে যাবেন—সে সিদ্ধান্ত ভারতের মোদি সরকারই নেবে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকারের নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ইস্যুতে নিয়মিত কথা বললেও বর্তমানে এ বিষয়ে মুখ খুলছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা চাপের কারণে মোদি সরকার নীরব ভূমিকা পালন করছে।
সেলিমের দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ‘সিগন্যালের’ অপেক্ষায় রয়েছে।
সিপিআইএম নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


















