তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ অল্প শিক্ষিত ও দরিদ্র মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানদের জন্য ফ্রি প্রশিক্ষণ এবং প্রফেশনাল মাস্টারিং কোর্স নিয়ে দুটি ওভিসির (বিজ্ঞাপনচিত্র) চিত্রধারণ সম্পন্ন করেছেন।
নির্মাতা প্রাচ্য পলাশের নির্মিত এই ওভিসিতে প্রথমবারের মতো মডেল হয়েছেন টিভি ও ডিজিটাল পর্দার প্রিয়মুখ, মিষ্টি অভিনেত্রী ও মডেল ফারহানা জাহান।
ওভিসি দু’টিতে আরও মডেল হিসেবে দেখা যাবে ফিকশন-নন ফিকশন ও কমার্শিয়ালের আর্টিস্ট তমাল খান, সঙ্গীতশিল্পী শহিদুল হাওলাদার এবং নবীন মডেল রাফসান খানকে। প্রায় সতেরো কোটি মানুষের দেশে বর্তমানে ৭০ শতাংশের বেশি পরিবারে স্মার্ট ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার হচ্ছে। ফলে দেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিংয়ে দক্ষ টেকনিশিয়ানের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দক্ষ টেকনিশিয়ানের চাহিদা ক্রমেই বাড়ছে।
এই চাহিদাকে সামনে রেখে ‘ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসান’ তিন ধরনের নিয়মিত প্রশিক্ষণ কোর্স চালুর পাশাপাশি অল্প শিক্ষিত ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এই দুটি কোর্সকে কেন্দ্র করে নির্মিত ওভিসির চিত্রধারণ গত ১২ ও ১৩ মার্চ রাজধানীর হাতিরপুলের জাহানারা ভবনে সম্পন্ন হয়েছে। ওভিসির বিভিন্ন দৃশ্যে ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের নির্মাণে বরাবরই দেখা যায় বৈচিত্র্য ও ভিন্নতা। ফিকশন, নন-ফিকশন কিংবা কমার্শিয়াল—সব ধরনের প্রোডাকশনে তিনি নতুনত্ব তুলে ধরার চেষ্টা করেন। এবারের ওভিসি দু’টিতেও দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানদের পেশাগত উন্নয়নে ফ্রি প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা এর আগে বাংলাদেশে খুব একটা দেখা যায়নি।
এ প্রসঙ্গে নির্মাতা প্রাচ্য পলাশ বলেন, “ক্ষণিকের বিনোদনের বাইরে সমাজ পরিবর্তনে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মনস্তাত্ত্বিক উন্নয়নে মিডিয়া যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রাকৃত অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসানের পরিচালিত দুই ধরনের কোর্স নিয়ে পৃথক দুটি বিজ্ঞাপন নির্মাণ করতে পেরে ভালো লাগছে।”
উল্লেখ্য, ২০১৪ সালে সিরিজ নির্মাণের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রাচ্য পলাশ। তার নির্মিত ফিকশন ও নন-ফিকশন প্রযোজনাগুলো বিভিন্ন টিভি চ্যানেল, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ফানপ্রাইমে তার নির্মিত ফিকশন ‘দ্য রিদম অব আনরিদেমিক টিউনস’ মুক্তি পেয়েছে।


















