বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিজের ফেসবুক পেজে বৈদ্যনাথ সাহার একটি ছবি শেয়ার করে অপু লেখেন,“অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোকগমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”
তার মৃত্যুর খবরে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাট্যকার মাসুম রেজা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, “খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।” গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে বৈদ্যনাথ সাহা দর্শক ও সহশিল্পীদের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক বিরাজ করছে।


















