মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধরা পড়েছে বালু সিন্ডিকেটের মূলহোতা।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশসহ পরিচালিত হয় আকস্মিক অভিযান। উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাক্টর দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল—এমন তথ্যের ভিত্তিতেই মাঠে নামে প্রশাসন।
অভিযানের সময় ট্রাক্টর জব্দ করা না গেলেও ঘটনাস্থল থেকে সিন্ডিকেটের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়। তিনি উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতে রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করলে তাকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর তিনি মুক্তি পান।
ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, অবৈধ বালু উত্তোলনে নদীর তীর ভাঙন বাড়ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ—তাই নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন তারা।


















