সাভারে বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), ও মো. রাসেল (১৮)।
সেনাবাহিনী জানায়, গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালনকালে সড়কে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের সরঞ্জামসহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামতসহ সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















