মো: পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ৩ কেজি হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা।

সোমবার দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করেছে।
র্যাব আরো জানায়,আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো: ইসমাইল হোসেন (৩১)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: আহসান হাবিব।


















