প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বেলা সাড়ে ১১টায় মামলাটির গ্রহণযোগ্যতা বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে মামলার আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসির উদ্দিন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসির উদ্দিন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য এবং হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখেন।
ওই বক্তব্যে মির্জা আব্বাসকে “বাংলাদেশের ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার” বলা হয়েছে, যা বাদীপক্ষের মতে অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, নাসির উদ্দিন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করেছেন, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতির পরিপন্থী।
মামলার আবেদনে নাসির উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।


















