জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ বিষয়ে ঢাকার একটি বিচারিক আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার ধানমন্ডি–২৭ এলাকায় সাহেদ আলী নামের এক ব্যক্তি আহত হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
তবে তদন্তকালে পিবিআই অভিযোগে উল্লেখিত আহত ব্যক্তি কিংবা অন্য কোনো ভুক্তভোগীর অস্তিত্ব খুঁজে পায়নি। পরবর্তীতে মামলায় তথ্যগত ভুল থাকার বিষয়টি উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে সকল আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়।


















