মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। তাদের মধ্যে শিউলি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিন নিহত হন এবং যাত্রীরা গুরুতর আহত হন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই সড়কে বেপরোয়া ট্রাক্টর চলাচল দীর্ঘদিন ধরে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


















