মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
জ্বালানি তেলের তীব্র সংকটে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভে ফেটে পড়েন মোটরসাইকেল চালকরা। প্রশাসনের বেঁধে দেওয়া ১০০ টাকার পেট্রোল বিক্রির সীমা ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা, যা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করে কর্তৃপক্ষকে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার একমাত্র সাগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তেল সংকট সামাল দিতে সাময়িকভাবে ১০০ টাকার পেট্রোল বিক্রির নির্দেশ দেন।
তবে সকালেই এই সীমা কার্যকর করতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শত শত বাইকার ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই তেল না নিয়েই বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পাম্প এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, সৃষ্টি হয় হট্টগোল ও বিশৃঙ্খলা।
পাম্প সংশ্লিষ্টরা জানান, কমে যাওয়া বরাদ্দের কারণে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। চিলমারীর পাশাপাশি উলিপুর ও সুন্দরগঞ্জ থেকেও বিপুলসংখ্যক চালক এখানে তেল নিতে আসায় সংকট আরও তীব্র হয়েছে।
বাইকারদের অভিযোগ, বর্তমান দামে ১০০ টাকার পেট্রোলে এক লিটারও পাওয়া যায় না, যা দূরপাল্লার যাত্রার জন্য অপ্রতুল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ দ্রুত বৈঠকে বসে। পরে বাইকারদের দাবির মুখে ১০০ টাকার সীমা তুলে দিয়ে ২০০ টাকার পেট্রোল বিক্রির অনুমতি দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সংকট বিবেচনায় প্রথমে সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে জনদুর্ভোগ কমাতে তা বাড়ানো হয়েছে।


















