আশুলিয়ায় বাইপাইল পূর্বপাড়া রমজান মন্ডলের বাড়ির পিছন থেকে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাইপাইল মন্ডলবাড়ী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত সে, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়ের স্ত্রী রুকমা খাতুন (২২)। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল রমজান মন্ডলের পাঁচতলা বিল্ডিং এর পিছনে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে নির্জন এই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


















