মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে একদিনে দুই মৃত্যু: ট্রলি দুর্ঘটনায় প্রাণহানি, পুকুর পাড়ে রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রামের দুই প্রান্তে একই দিনে দুটি মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ট্রলি চালকের প্রাণহানি ঘটেছে, আর রৌমারীতে পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ—দুই ঘটনাই ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে শকআপ ভেঙে গেলে ট্রলিটি সড়কেই উল্টে পড়ে। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক আতাউর রহমান (২৫)।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতাউর রহমান নাগেশ্বরীর মোক্তারকুটি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রৌমারী উপজেলার কলাবাড়ী গ্রামে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় ইয়াকুব আলী (৪০)-এর নিথর দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। আগের রাতে ঢাকা থেকে এসে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। রাতে ঘুমিয়ে পড়লেও ভোরের দিকে অজ্ঞাত কারণে ঘর থেকে বের হয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















