এমদাদুল হক (মিলন) বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ)।
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়ছে। এ ছাড়া মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের হাসমত আলীর দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটার পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটরসাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।
এ সময় সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুদ করা হয়েছিল। অভিযান চালিয়ে দুই দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

















