সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত স্থল পাকড়াশী ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ ঘিরে মাদক সেবন, জুয়া খেলা ও নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
তাদের ভাষ্য, যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ থাকার কথা, সেখানে বর্তমানে বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি। অনেকের কাছেই প্রতিষ্ঠানটি এখন পরিত্যক্ত স্থানের মতো মনে হচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির আশপাশে ইয়াবার মতো মরণনেশা সহজলভ্য হয়ে পড়েছে। এতে ‘রূপসী গ্রাম’ নামে পরিচিত এলাকার সামাজিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এনায়েতপুর থানা নিকটবর্তী হওয়া সত্ত্বেও প্রশাসনের চোখের সামনে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, থানার আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও ইয়াবা সহজেই পাওয়া যাচ্ছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, কাপড়ের হাট এলাকার মো. ওমেদ আলী ও মো. কোমেদ আলীর সংশ্লিষ্টতার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। জনবহুল এলাকা ও ধর্মীয় স্থাপনার আশপাশে এমন কার্যক্রম চলায় নারী, শিক্ষার্থী ও কিশোরীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
সহজলভ্য মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সাধারণ মানুষ ভীত ও দিশাহীন হয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।
তাদের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এনায়েতপুর এলাকাকে মাদকমুক্ত ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


















