মো: সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
আটকরা হলেন—আলামিন ও হাকিম। তাদের মধ্যে একজনের বাড়ি উপজেলার মহিসাখোলা গ্রামের এবং একজনের বাড়ি মিনারপাড়ায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দরিদ্র ও সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ‘ফ্যামিলি কার্ড’ তৈরির নাম করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহ সৃষ্টি হলে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রমাণও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতারক চক্রটি সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছিল। তাদের আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
উল্লাপাড়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন কোনো প্রকার প্রলোভনে পড়ে কেউ প্রতারণার শিকার না হন।


















