মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকায় জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে গঙ্গা মটরসকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভার পাঁচুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গঙ্গা মটরস প্রায় ১,৫০০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে দোকান বন্ধ করে রাখে। এতে এলাকায় তেলের কৃত্রিম সংকট তৈরি হয় এবং ভোক্তারা বিপাকে পড়েন।
অভিযান চলাকালে এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অনর্ব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বিক্রয়কেন্দ্রে ভিড় বেড়েছে। অনেকেই তেল না পেয়ে অসন্তোষ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে অস্থিতিশীলতা তৈরি করে এমন যেকোনো মজুদ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


















