মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
জ্বালানি তেল সংকট ঘিরে কুড়িগ্রামে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামছে প্রশাসন। জেলার সব ফিলিং স্টেশন তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, তেল মজুত, সরবরাহ ও বিক্রিতে শৃঙ্খলা আনতেই এই উদ্যোগ।
জানা গেছে, প্রতিটি ফিলিং স্টেশনে মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ, অবৈধ মজুত রোধ, খোলাবাজারে তেল বিক্রি নিয়ন্ত্রণ এবং দৈনিক প্রতিবেদন সংগ্রহে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। পাশাপাশি মোটরসাইকেলের অতিরিক্ত চাপ ও অনিয়ম ঠেকাতে চেকপোস্ট বসানো হচ্ছে।
এর আগে প্রশাসনের অভিযানে পাম্পগুলোর মজুত ট্যাংক ও রেজিস্টার যাচাই করা হলেও সরবরাহ সংকটের কারণে পরিস্থিতির উন্নতি হয়নি।
ফিলিং স্টেশন মালিক সমিতির তথ্যমতে, চাহিদার তুলনায় প্রায় ২৪ শতাংশ কম তেল সরবরাহ হওয়ায় জেলার ২২টি পাম্প ঈদের আগেই তেলশূন্য হয়ে পড়ে। বর্তমানে আংশিক সরবরাহ শুরু হলেও সব পাম্প একসঙ্গে তেল না পাওয়ায় তৈরি হচ্ছে তীব্র ভিড় ও বিশৃঙ্খলা।
সমিতির সাধারণ সম্পাদক জামান আহমেদ বলেন, লাইসেন্স, হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান তিনি।
জেলা প্রশাসন বলছে, সরবরাহ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে ততদিন পর্যন্ত কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই প্রধান লক্ষ্য।


















