ইমাম হাসান সোহান, ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। তোপধ্বনি কার্যক্রম পরিচালনা করে ধনবাড়ী থানা পুলিশ।
দিবসটি উপলক্ষে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার এবং ধনবাড়ী পৌরসভার পক্ষ থেকে প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ধনবাড়ী ফায়ার সার্ভিস, ধনবাড়ী সরকারি নবাব ইনস্টিটিউশন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


















