শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের ঝিকরগাছায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠ চানাচুর ও বেকারি খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল বুধবার (১৮ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল হাজিরবাগ ইউনিয়নের দেউলী উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে চানাচুর কারখানার আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও প্যাকেটজাত করণের অভিযোগে ‘মারিয়া চানাচুর’ ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদ কে বিশ হাজার (২০) হাজার টাকার অর্থদণ্ড করা হয়।
এদিকে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর আঁচ করতে পেরে ঐ কারখানার ভেতরে থাকা ভেজাল আখের গুড়, আখের পাটালি ও বিপুল পরিমাণ মিশ্রিসহ ক্ষতিকর রং ও বিভিন্ন কেমিক্যালের কৌটা কৌশলে সরিয়ে ফেলে কারখানা কর্তৃপক্ষ।
তবে’ অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ দাবি করেন, রমজানের শুরুর দিকে কয়েকদিন গুড়-পাটালি তৈরি ও বিক্রি করা হয়েছিলো। এখন আর গুড়, পাটালি, মিশ্রি তৈরি করা হয় না।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন জানান, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















