মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে গোপালগঞ্জের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















