টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল ও তোরাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বেগুনটাল বাজারের জিন্নত স্টোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া তোরাপগঞ্জ বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম নির্ধারিত ১১৬ টাকা লিটার দামের পেট্রোল ১৭০ টাকা লিটার দরে বিক্রি করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

















