যশোরের কেশবপুর উপজেলায় ভেজাল দুধ উৎপাদনকারী একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ ) র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
মোবাইল কোর্টে ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের পাঁচ সদস্য—অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে জেলহাজতে পাঠানো হয়।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে মেজর এ.টি.এম ফজলে রাব্বী বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


















