শার্শা (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩ হাজার টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।
গতকাল রোববার রাতে উপজেলার কায়বা সীমান্তের এলাকা থেকে এ জালনোটসহ তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা। পরদিন সোমবার সকালে ২১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করে পরে তার দেহ তল্লাশি করে পাঁচশত (৫০০) টাকার ৮৬ টি জালনোট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মোট টাকার পরিমাণ ৪৩ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় জালনোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















