সুনামগঞ্জের গৌরারং ইউনিয়ন এলাকায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর আদালত সোহেল চৌধুরীরকে (৩৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সোহেল চৌধুরী আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল চারটায় গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল চৌধুরীর দোকান তল্লাশি করা হয়। সেখানে কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়া ১১ ব্যারেল পেট্রোল তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মুনাফার লোভ রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। আসামিকে বর্তমানে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।


















