মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় এক্সকাভেটর দিয়ে ভাটার অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এইচবিইউ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এ সময় জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করা হচ্ছিল।
এ অপরাধে ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় এক্সকাভেটর দিয়ে ভাটার অবকাঠামো ভেঙে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আইনের কোনো বিধান অনুসরণ না করেই ইটভাটাটি স্থাপন করা হয়েছিল। কৃষিজমি রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















