মোঃ পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। স্মার্ট ফ্যামিলি কার্ড হাতে নিয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, অনেক সুবিধাভোগী স্মার্ট ফ্যামিলি কার্ড হাতে নিয়ে টিসিবির পণ্য কেনার অপেক্ষায় বসে আছেন। তবে নির্ধারিত বিক্রয়স্থলে ডিলারের কোনো উপস্থিতি ছিল না। ইউনিয়ন পরিষদের হলরুমেও টিসিবির কোনো পণ্য দেখা যায়নি।
ভুক্তভোগী মনিরসহ কয়েকজন সুবিধাভোগী অভিযোগ করেন, বুধবার পণ্য কিনতে এলে ডিলার তাদের জানান, সার্ভারে সমস্যা রয়েছে। এ কারণে সেদিন পণ্য বিক্রি করা সম্ভব নয় এবং পরদিন আসতে বলা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে এসে তারা দেখেন ডিলার উপস্থিত নেই। এমনকি তাদের জন্য বরাদ্দ পণ্যও সেখানে পাওয়া যায়নি।
সুবিধাভোগীদের দাবি, কার্ড আমাদের কাছেই রয়েছে, কিন্তু পণ্য নেই। ডিলারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সব পণ্য বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের জন্য বরাদ্দ পণ্য কোথায় গেল?
এ বিষয়ে অভিযুক্ত ডিলার প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স- এর মালিক বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল থেকেই টিসিবির পণ্য বিক্রির কথা। আমি একটি নম্বর দিচ্ছি, তার সঙ্গে যোগাযোগ করুন।
ডিলারের দেওয়া নম্বরে যোগাযোগ করলে এক ব্যক্তি নিজেকে তাড়াশ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল বলে পরিচয় দেন। তিনি বলেন, আমাদের কাছে এখনো ৩০টি কার্ডের পণ্য রয়েছে। লোকজন বেশি হওয়ায় পণ্যগুলো অন্যত্র রাখা হয়েছে। পরে ৩০ জনের মধ্যে বিক্রি করা হবে। তবে বিক্রয়স্থল থেকে পণ্য অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
ইউনিয়ন পরিষদে উপস্থিত গ্রাম পুলিশ শওকাত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিলার পণ্য ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ডিলার কখন এবং কোথায় পণ্য বিক্রি করেন, সে বিষয়ে তাকে অবহিত করা হয় না। বিষয়টি খতিয়ে দেখা হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে স্থানীয় সুবিধাভোগীরা অভিযোগ করেন, নির্ধারিত বিক্রয়স্থলে পণ্য না এনে অন্যত্র সরিয়ে বিক্রির মাধ্যমে অনিয়ম করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের পর্যাপ্ত তদারকির অভাবে এসব অনিয়ম ঘটছে। দ্রুত তদন্ত করে প্রকৃত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


















