নিজস্ব সংবাদদাতা :
যশোরের ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করে তৈরি হচ্ছে শিশুদের বাহারি জন্মদিনের কেকসহ বিভিন্ন বেকারি খাদ্যপণ্য। এসব খাবার খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ছোট-বড় সব বয়সের মানুষ।
এতে হৃদযন্ত্র, লিভার, কিডনিসহ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এতসব অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে। নিয়মিত তদারকি না থাকায় দিনদিন বেপরোয়া হয়ে উঠছেন বেকারি মালিক ও অসাধু ব্যবসায়ীরা।
তথ্য অনুসন্ধানে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারের পানিসাড়া সড়কের বাম পাশে অবস্থিত অনুমোদনহীন মেসার্স তাজ বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।
সেখানে ফার্মের ভাঙাচোরা ডিম, হাইড্রোস, স্যাকারিন, নিষিদ্ধ কাপড়ের রং, পামতেল ও ডালডা ব্যবহার করে কৃত্রিম মাখন তৈরি করে শিশুদের জন্মদিনের কেকসহ বিভিন্ন বেকারি খাদ্য উৎপাদন করা হচ্ছে।
বেকারিটির কর্মচারীদের কারও মাথায় হেয়ারনেট বা টুপি নেই। নেই অ্যাপ্রন, মাস্ক কিংবা ফুড-গ্রেড গ্লাভস। এমনকি কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো সনদও নেই। খোলা পরিবেশে তৈরি করা এসব খাদ্যের চারপাশে মাছি ভনভন করতে দেখা যায়। এছাড়া প্যাকেটজাত খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ নেই।
বাংলাদেশে প্রচলিত নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী খাদ্যে ভেজাল বা ক্ষতিকর কেমিক্যাল মেশানো কিংবা নিম্নমানের খাদ্য উৎপাদনের অপরাধে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অপরাধের ধরন অনুযায়ী এ শাস্তি ১৫ বছর পর্যন্ত হতে পারে। এছাড়া একই অপরাধ বারবার করলে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ব্যবসার লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে।
এ বিষয়ে মেসার্স তাজ বেকারির প্রোপাইটর জাকির হোসেন বলেন, “আপনারা সুন্দর করে ছবি-ভিডিও করে নিউজ করুন, এতে আমার কিছু যায় আসে না। আপনারা আসার পর আমি বেকারি মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি সব অফিসারদের ম্যানেজ করবেন।”
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রানী খাতুন বলেন, “যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন করে খাদ্য সামগ্রী উৎপাদন করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


















