মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস।
রোববার (১ মার্চ ) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তীব্রতর হচ্ছে নদীভাঙন এবং ঝুঁকির মুখে পড়ছে আশপাশের কৃষিজমি ও বসতভিটা। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে জনজীবনে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, শাহরিয়ার আসাদ, আবু সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি সঞ্চালনা করেন আবু রায়হান জাকারিয়া। উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নূরনবী সরকার।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উলিপুরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কেটে মাটি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।
তিস্তা রক্ষায় সাধারণ মানুষের এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে—নদী বাঁচলে বাঁচবে জনপদ। এখন সবার নজর প্রশাসনের কার্যকর উদ্যোগের দিকে।


















