মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। একই ঘটনায় ৮০ পিস ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় যুবককে আটক করা হয়।
আটকরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জ এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।
পরে রাত ১২টার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬-এর পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় ১৫ মিনিটের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিয়ম অনুযায়ী দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে ফুলবাড়ীর খালিসা কোটাল গ্রামের মনসের আলীর ছেলে আয়নাল হক (২৬)-কে তল্লাশি করে ৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। মাদক সংশ্লিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবির মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত পাঠানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে নজরদারি জোরদার রয়েছে এবং অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।


















