সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এর আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তছির উদ্দিনসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা করেছেন। তাঁদের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা আরও বলেন, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ওই আওয়ামী লীগ নেতা এখন একটি কুচক্রী মহলের পরামর্শে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


















