মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সাবেক কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। দীর্ঘদিন চাকরিসূত্রে কুড়িগ্রাম শহরে বসবাস করছিলেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজিজুর রহমান ও আব্দুল মতিন মোটরসাইকেলে করে শহর থেকে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামমুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















