গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেনের অভিযোগ, তার প্রতিবেশী শামসুন্নাহার পলি অবৈধভাবে তার নিজস্ব জমির প্রায় ৩ ফুট জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।
ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, তিনি একজন সাধারণ চা দোকানদার এবং কষ্ট করে কেনা সামান্য জমিই তার একমাত্র সম্বল। তার দাবি, সেই জমির ভেতরে জোর করে ভবন নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌরসভায় লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অনেকেই জানান, অভিযুক্ত পক্ষ প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ইসমাইল হোসেন প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, অবৈধ দখল উচ্ছেদ করে তার জমি ফিরিয়ে দেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সচেতন মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।


















