নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ ও তাঁর ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। খলিল মোল্লা সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী হিসেবে পরিচিত।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় খায়ের মোল্লার একচ্ছত্র প্রভাব ছিল। পরে তিনি ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেলে পুরো এলাকা খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরতে শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই জেরে সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন নিহত হন।
পুলিশ জানায়, সংঘর্ষে গুরুতর আহত খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















